মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর শেরে-বাংলা ক্যাম্পের তৎপরতায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে খবর পায়, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের যুবককে আটক করা হয়।

সজিব শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে সজিবের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে আরও বেশ কিছু ককটেল বোমা, পেট্রোল বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
যদিও অভিযানের সংবাদ পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এসময় ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (বোমা তৈরির কাজে ব্যবহৃত), ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, ১টি ধারলো তলোয়ার, ১টি সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটকৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তিতে ভবিষ্যতে আরো অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানে আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও এসময় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *