গাজায় ঝড়-বৃষ্টিতে ৫৫ হাজার ফিলিস্তিনি পরিবার ক্ষতিগ্রস্ত

গাজা উপত্যকায় সাম্প্রতিক ভারী বৃষ্টি ও ঝড়ে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এসব পরিবারের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এবং ব্যক্তিগত জিনিসপত্র আংশিক বা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের তাঁবু
ফারহান হক বলেন, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ে গাজার ৫৫ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে। তিনি আরও জানান, যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় এসব পরিবারের সামান্য যা কিছু সম্বল ছিল, তা-ও এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও জানান, ঝড় ও প্রবল বৃষ্টিতে গাজার বিভিন্ন স্থানে শিশুদের জন্য তৈরি ডজনখানেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শিশু সুরক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০ হাজার শিশু বিপাকে পড়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগ গাজায় আগে থেকে চলা মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং জরুরি সহায়তার প্রয়োজনীয়তা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তবে ফারহান হক সতর্ক করে বলেন, গাজায় চলমান ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সংস্থাগুলোর ত্রাণ ও সহায়তা কার্যক্রম দ্রুত পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, যা একটি বড় বাধা হিসেবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *