এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০

ঘন কুয়াশার কারণে মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুংগিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি আটক রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *