অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি তাঁকে এই নিয়োগ প্রদান করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র জমা দেন। মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। আসাদুজ্জামান ইতিমধ্যে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য হওয়ার প্রেক্ষিতে সরকার মোহাম্মদ আরশাদুর রউফকে এই বাড়তি দায়িত্ব অর্পণ করল। এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট সরকার সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। তাঁরা হলেন—মোহাম্মদ আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা এবং মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। এরপর থেকেই তাঁরা এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

নাসরিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আরশাদুর রউফ এই দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *