জাবির আবাসিক হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এই মাদক উদ্ধার করা হয়।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রভোস্ট ও হল সংসদের নেতৃবৃন্দ যৌথভাবে ৭২৩ নম্বর কক্ষে তল্লাশি চালান। এ সময় কক্ষটি থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকগুলো সীমান্ত এলাকা থেকে জনৈক এক ডিলারের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এ ঘটনায় আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হল প্রশাসন জানিয়েছে, আজওয়াদ ওই হলের বৈধ আবাসিক শিক্ষার্থী নন এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “মাদকদ্রব্যের উপস্থিতির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী আটক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বর্তমানে আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *