ইরানে যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার মূল্য দিতে হচ্ছে পুরো বিশ্বকে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাকান ফিদান শনিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে অবৈধ হামলা এই অঞ্চলকে একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, যা নিরবচ্ছিন্ন ইসরায়েলি উত্তেজনা বৃদ্ধির ফলে আরও তীব্র হচ্ছে।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিট-২০২৬-এর আজ দ্বিতীয় দিনের উদ্বোধনী বক্তব্যে ফিদান বলেন, “আমরা এমন কোনো পরিস্থিতি মেনে নিই না, যা আঞ্চলিক দেশগুলোকে একটি বিধ্বংসী সংঘাতে টেনে নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “উপসাগরীয় দেশগুলোকে প্রভাবিত করে এমন ইরানের পদক্ষেপগুলো ঠিক এই ঝুঁকিই বহন করে। স্পষ্ট করে বলি, এটি হয়তো ইসরায়েলের পছন্দের যুদ্ধ, কিন্তু এর মূল্য দিচ্ছে পুরো বিশ্বকে।”

ফিদান উল্লেখ করেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতা উদ্বেগজনক হারে বাড়ছে। “প্রথম দিন থেকেই তুরস্ক এই বিপজ্জনক পরিস্থিতির বিরোধিতা করে আসছে,” তিনি বলেন।

তিনি আরও যোগ করেন: “এটি নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার জন্য পরিকল্পিত একটি যুদ্ধ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর বোঝা বহন করছে পুরো বিশ্ব।” তিনি সতর্ক করেন, এই সংকট শুধু শহরগুলোতেই নয়, বরং মানুষের মন ও চেতনার ওপরও দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে।

ফিদান জোর দিয়ে বলেন: “আমাদের সামনে একমাত্র কার্যকর পথ হলো উত্তেজনা কমানো এবং কূটনীতি।”

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে তিনি বলেন, “আমরা (তুরস্ক) ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে, বিশেষ করে লেবাননে তাদের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি।” তিনি জানান, এ লক্ষ্যে উচ্চপর্যায়ে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া হচ্ছে এবং দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেওয়াই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, “এই অর্থহীন যুদ্ধ বন্ধ হতে হবে—আরও ধ্বংসের আগে, আরও গভীর শত্রুতা গড়ে ওঠার আগে, এবং বৈশ্বিক অর্থনীতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার আগে। সংলাপের পথ খোলা রাখতে হবে এবং দ্রুত ফলপ্রসূ আলোচনা শুরু করতে হবে।”

ফিদান সতর্ক করেন, শান্তির প্রচেষ্টার সময় নেতানিয়াহুর কঠোর অবস্থান যেন কূটনীতিকে ব্যাহত না করে। তিনি বলেন, “এই পরিকল্পিত বিশৃঙ্খলা” আঞ্চলিক দেশগুলোকে দুর্বল, বিভক্ত এবং ঝুঁকিপূর্ণ রাখার উদ্দেশ্যে তৈরি। ‘আমরা একটি পদ্ধতিগত ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছি’

ফিদান বলেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য—“আন্তর্জাতিক ব্যবস্থায় বিঘ্ন: সংকট, বর্ণনা এবং শৃঙ্খলার অনুসন্ধান”—এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, “আমরা শুধু অস্থিরতার সময় পার করছি না, আমরা একটি পদ্ধতিগত ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছি।”

তিনি ব্যাখ্যা করেন, আন্তর্জাতিক ব্যবস্থা তার নৈতিক দিকনির্দেশনা, সামঞ্জস্য ও বৈধতা হারাচ্ছে, ফলে সংকটগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং একটি মৌলিক প্রশ্ন উঠে আসছে—এই ব্যবস্থার এখনও কি কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা আছে?

ফিদান বলেন, যারা এতদিন এই অন্যায্য ব্যবস্থার সুবিধা ভোগ করেছে, তারা এখন বাস্তবতার মুখোমুখি হচ্ছে, কারণ সংকট তাদের নিজেদের দোরগোড়ায় পৌঁছে গেছে। তিনি জোর দিয়ে বলেন, “এগুলো কোনো তাত্ত্বিক বিতর্ক নয়।”

তিনি আরও বলেন, কঠিন সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ বোধবুদ্ধি, এবং তুরস্ক “সংকট মোকাবিলায় সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার অব্যাহত রাখবে।”

সবশেষে তিনি বলেন, “আজকের বিশ্বে যুদ্ধক্ষেত্র শুধু ভৌত নয়, তথ্যগতও,” এবং ব্যাখ্যা করেন, বিভিন্ন বর্ণনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে—ধারণা তৈরি করতে, বাস্তবতাকে নির্ধারণ করতে, এবং অনেক সময় সত্যকে আড়াল করতে—যার উদাহরণ গাজার পরিস্থিতিতে স্পষ্ট।

সূত্র: আনাদলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *