
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় লালা মেথর নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোয়েন্দা নজরদারির মাধ্যমে রবিবার রাতে সেবক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন ১৩ জন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও তাণ্ডব চালায়। পরে আদালতের অদূরে রংম সিনেমা হলের সামনে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে।