ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হতে যাচ্ছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা দ্রুতই নিরসন হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সংহতির ওপর প্রতিষ্ঠিত। ঐতিহাসিক সংযোগ ও জনমানুষের সুদৃঢ় বন্ধনকে এই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে।

ভিসা সমস্যা সমাধানের বিষয়ে ড. খলিলুর রহমান আরও জানান, ‘ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *