আলোকসজ্জায় নতুন রূপে মসজিদে নববি

মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিকে সাজানো হয়েছে অত্যাধুনিক ও মনোমুগ্ধকর আলোকসজ্জায়। রাতে সেখানে সৃষ্টি হয় অপরূপ দৃশ্য। সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মসজিদে নববি ও এর আশপাশের এলাকাকে আলোকিত করতে প্রায় ৮০ হাজার ৪১৯টি আলোকসজ্জার ইউনিট ব্যবহার করা হয়েছে। ৩০ ধরনের এই আলো মুসল্লি ও দর্শনার্থীদের মনে এক অপূর্ব অনুভূতির সঞ্চার করে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে জানা গেছে, মসজিদে নববিতে ব্যবহৃত আলোকসজ্জায় রয়েছে নানা রঙের সমাহার, জটিল নকশা ও অভিনব বিন্যাস। এসব মিলিয়ে মসজিদটির সৌন্দর্য ও পবিত্রতাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে।

পবিত্র স্থানের আধ্যাত্মিক পরিবেশকে আরও অনুভবযোগ্য করে তুলতে ১০ হাজার ৫৪৬টি আলোক ইউনিট দিয়ে খচিত করা হয়েছে ‘আল্লাহ’ নামটি।

মসজিদের পুরোনো ও নতুন অংশে ৩০০টি বিলাসবহুল ঝাড়বাতি স্থাপন করা হয়েছে। এগুলোতে ইসলামিক ঐতিহ্যবাহী শিল্পকলা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে। ফলে দিন-রাত সব সময়ই মসজিদটি মহিমান্বিত দেখায়।

দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা ‘জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কোস’ এই আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করেছে। তাদের লক্ষ্য মসজিদের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে সকল দর্শনার্থীর জন্য সর্বোচ্চ মানের সৌন্দর্য, আরাম ও প্রশান্তি নিশ্চিত করা।

মসজিদে নববীর এই আলোকসজ্জা কেবল সৌন্দর্যই বৃদ্ধি করেনি, মুসল্লিদের ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করতেও সাহায্য করছে। এটি ইসলামিক স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়ের উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *