
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড ইসরায়েলি দুই বন্দিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ‘টেল দেম, ওহাদ’ শিরোনামের এই ভিডিওতে বন্দিরা তাদের শারীরিক, মানসিক ও নিরাপত্তা ঝুঁকি প্রকাশ করেছেন। গাজায় ইসরায়েলের নতুন করে আক্রমণ শুরু হওয়ায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ভিডিওতে ‘২১ নম্বর বন্দি’ বলেন, “গাজায় ইসরায়েলি গণহত্যা আবার শুরু হওয়ায় আমরা মৃত্যুকে চোখের সামনে দেখছি। এই হামলা আমাদের শেষ করে দেবে।” তিনি আরও বলেন, “আমরাই আমাদের আটককারীদের সাহায্য চেয়েছি, যাতে আমাদের কথা শোনা হয়।” মার্চের শুরুতে ইসরায়েল কর্তৃক সীমান্ত বন্ধ করে দেওয়ার পর খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তাদের যে ভোগান্তি হচ্ছে, সে কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্ত খুলে দেওয়া হলে হামাসের যোদ্ধারা তাদের সব ধরনের প্রয়োজন মেটাতে আন্তরিক ছিল। তারা কেবল খাবারই সরবরাহ করেনি, বরং তাদের সুস্থতারও ব্যবস্থা করেছিল।
“আমরা সে সময় ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। কিন্তু ১৮ মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় আমরা আবারও ধাক্কা খাই।”
‘২২ নম্বর বন্দি’ জানুয়ারির যুদ্ধবিরতির সময় মুক্তি পাওয়া অন্য বন্দিদের তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করার আহ্বান জানান। ইসরায়েলি সরকারের আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, “এবার আর আমাদের কণ্ঠ চেপে রাখবেন না। যথেষ্ট হয়েছে। আমাদের সাথে থাকা মুক্তিপ্রাপ্তরা কথা বলুক। সত্য প্রকাশ হোক।”
ইসরায়েল দাবি করছে, বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি বন্দি আটক আছেন, যাদের মধ্যে ২৪ জন এখনও জীবিত। অন্যদিকে, ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি কারাগারে সাড়ে নয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার।