
গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় লরি-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের অটোচালক হানিফ মিয়া (৩৫) ও অটোরিকশার যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইলমুখী ব্যাটারচালিত চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।