টেকনাফে ২ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা সীমান্তের নাফ নদীতে বিজিবি (বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী) একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, লেদা সীমান্তের নাফ নদীর আলীখাল এলাকা দিয়ে মায়ানমার থেকে একটি বড় মাদক চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এরপর, বিজিবির নৌ আভিযানিকদল সকাল ৬টা ২০ মিনিটে নাফ নদীর তীরবর্তী এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান শুরু করে। এ সময় দুইজন ব্যক্তি নাফ নদীর বিপরীত তীর থেকে সাঁতরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার চেষ্টা করলে, বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা নিজেদের রক্ষা করতে গিয়ে তাদের বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয় এবং মায়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা এরপর নদীতে তল্লাশি চালিয়ে, বস্তা দুটি থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, ‘বিজিবি দেশের সীমান্তে নিরাপত্তা, মাদক ও মানব পাচার রোধে এবং চোরাচালান প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে এবং মাদকসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করছে।’

এখন পর্যন্ত মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণের জন্য অনুসন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *