
রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-
১। মো. সুমন মিয়া ওরফে রাব্বি (৩০),
২। মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮),
৩। আমির হোসেন (২২),
৪। রুবেল মিয়া (২৩)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাত আনুমানিক ০১:৪০ মিনিটে উত্তরা থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এই গ্রেপ্তার কার্যক্রম চালায়। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উত্তরার ১০ নং সেক্টরের আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের ওপর একদল দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।
তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালালে, ডাকাতরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তবে, তাদের সাথে থাকা কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতি করার উদ্দেশে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।