
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের ওপর উল্টে পড়া আলুর ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত হয়েছে। এতে ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৬জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ইলিয়াস। তার বাড়ি রংপুর বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাড়কের ওপর উল্টে যায়। পরে ট্রাক উদ্ধার ও আলু অন্য ট্রাকে তোলার সময় পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইলিয়াস নামের এক শ্রমিক মারা যায়। এসময় ট্রাকের পাশেই থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজ জানান, ওসিসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক শ্রমিক মারা গেছে।