ফিলিস্তিনিদের ওপর নজরদারি: ইসরায়েলের ক্লাউড সেবা বন্ধ করল মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের ব্যবহৃত ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের পর প্রাথমিক প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ একটি ব্লগ পোস্টে জানান, যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তারা তদন্ত শুরু করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিট মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারি চালাচ্ছে।

মাইক্রোসফটের নিজস্ব তদন্তে অভিযোগটি আংশিকভাবে সত্য প্রমাণিত হয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নেদারল্যান্ডসের সার্ভার ব্যবহার করে অ্যাজুর স্টোরেজ ও এআই প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করছিল। ব্র্যাড স্মিথ বলেন, ‘আমরা কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারির জন্য প্রযুক্তি সরবরাহ করি না।’

মাইক্রোসফট জানিয়েছে, তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে এবং নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা বন্ধ করেছে। তবে ব্র্যাড স্মিথ আশ্বস্ত করেছেন, এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে মাইক্রোসফটের সাইবার নিরাপত্তা সেবা প্রদানে কোনো প্রভাব পড়বে না।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কোম্পানির ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদ করায় গত আগস্টের শেষে মাইক্রোসফট নিজেদের চারজন কর্মীকে বরখাস্ত করেছিল। কোম্পানি জানায়, নীতির গুরুতর লঙ্ঘন এবং বিক্ষোভের কারণে ‘উল্লেখযোগ্য নিরাপত্তা উদ্বেগ’ তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *