
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) ও নাজিম উদ্দিন মণ্ডলের ছেলে চান মিয়া (সুইট) (৫০)।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার দামরুলের মাঠে আলুর জমিতে সেচ দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তার মোটরসাইকেলে উঠেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে দুইজন রাস্তায় ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।