
৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে আমদানি পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে বন্দরসীমানা ত্যাগ করতে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১৯ মার্চ) আমদানি করা পণ্য খালাসের পর বাজারজাত না করে নদী ও সমুদ্রে জাহাজের মধ্যে ভাসমান গুদামে অবৈধভাবে মজুদ করার বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনাকালে এই নির্দেশ দেয়া হয় বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
এই অভিযান পরিচালনা করেন যৌথভাবে কোস্ট গার্ড, নৌ পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য বোঝাই করে গন্তব্যে চলে যাওয়ার জন্য গত ২৬ ফেব্রুয়ারি নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশ আসলে মানা হচ্ছে কিনা সেটি দেখতে এই অভিযান চালানো হয়।
অভিযানে বন্দরের ম্যাজিস্ট্রেট, নৌবাহিনী কোস্টগার্ড যৌথভাবে বন্দরের সীমানায় অবস্থানরত জাহাজগুলো কখন সেখানে এসেছেন, কখন পণ্য বোঝায় করেছেন এবং কখন তারা চলে যাচ্ছেন সেগুলো যাচাই-বাছাই করেন।
বন্দর সূত্র জানিয়েছে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী আমদানি করা পণ্য খালাসের পর তা বাজারজাত না করে লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করে মজুদ করে রাখা হচ্ছে বলে অভিযোগ আছে। কিন্তু, পণ্য খালাসের পর তা ৭২ ঘণ্টার বেশি সময় জাহাজে মজুদ রাখা নিষিদ্ধ। তাই, জাহাজে অবৈধ পণ্য মজুদের বিরুদ্ধে বুধবার সকাল থেকে তৃতীয় দফায় অভিযান চালানো হয়। অভিযান চলমান থাকবে।