
ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি।
গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেন, আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরাইল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।
উল্লেখ্য, ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ভাগ বা ব্রিগেডে বিভক্ত— উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা।
আকস্মিক এই হামলার জবাব দিতে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। টানা ১৫ মাস গাজায় অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে প্রায় ২ মাস যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।