ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। রিটের শুনানি চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে হতে পারে।

রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ২৯ ধারার ভিত্তিতে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে, বাংলাদেশে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে। রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জানান, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার জন্য আবেদন করা হয়েছে। তাদের মতে, ভারতীয় চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে নানা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, যা যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, ভারতীয় চ্যানেলগুলো আইন মানছে না বলেও অভিযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *