
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন কেনাবেচা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, রোববার (০৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের কাছ থেকে প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল চাঁদ উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোনের অবৈধ ব্যবসা ও মাদক কারবারে জড়িত তিনজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলামিন (৩২), মো. মনির হোসেন (৩৮) ও জয় (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়— ১১টি স্মার্টফোন, ৫৫০ গ্রাম গাঁজা, ৬০,৪৩০ নগদ টাকা, ১০ মার্কিন ডলার, বিভিন্ন দেশের ২০ রকম বিদেশি মুদ্রা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সঙ্ঘবদ্ধ চক্রের কাছে মোবাইলগুলো অতি কম দামে বিক্রি করে। আজ আমাদের অভিযানে এই চক্রেরই তিনজন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।