রাজধানীতে ককটেলসহ গ্রেপ্তার ২

রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *