
রমজান মাসে লাখ লাখ মুসলমান ওমরাহ পালন করার সময়, সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের ফ্যাশন কমিশন পবিত্র ইহরাম পোশাক পুনঃপ্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের জন্য একটি টেকসই উদ্যোগ চালু করেছে।
ওমরাহ ও হজের আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ অংশ ইহরাম, পবিত্রতা ও নিষ্ঠার প্রতীক সাদা পোশাক। প্রতি বছর এ দুটি ধর্মীয় আনুষ্ঠানের পর বিপুল পরিমাণ ইহরাম ফেলে দেওয়া হয়। এই নতুন উদ্যোগের মাধ্যমে সৌদি সরকার ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি টেক্সটাইলের অপচয় রোধ করতে চায়।
সৌদি ইনভেস্টমেন্ট রিসাইক্লিং কোম্পানি এবং ইকো-ফ্যাশন প্রতিষ্ঠান তাদওয়েমের সহযোগিতায় গত মাসে ঘোষিত এই প্রকল্প, একটি বৃত্তাকার টেক্সটাইল সিস্টেমের মাধ্যমে ব্যবহৃত ইহরামকে নতুন পোশাকে রূপান্তর করে। সৌদি ফ্যাশন কমিশনের সিইও বুরাক চাকমাক বলেন, “ফ্যাশনের কথা ভাবলে ইহরাম প্রথমেই মনে আসে না, তবে এটি এমন একটি পণ্য যা প্রতি বছর পুনরাবৃত্তি হয়।”
মিনা শহরে ৩৩৬টি সংগ্রহ বিন স্থাপনের মাধ্যমে টন টন ইহরাম সংগ্রহ করা হয়েছে। এরপর পোশাকগুলো বাছাই, পরিষ্কার, টুকরো টুকরো করে পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন পোশাক তৈরি করা হয়েছে। বর্তমানে এই প্রক্রিয়ার কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের জন্য দুবাই এবং উৎপাদনের জন্য তুরস্কের সঙ্গে কাজ করা হচ্ছে। তবে তাদওয়েমের সিইও মুস্তাফা বুখারি ভবিষ্যতে সৌদি আরবে এই উৎপাদন প্রক্রিয়া স্থানান্তরের পরিকল্পনা করছেন।
প্রায় ৯৮ রিয়াল (২৬ ডলার) মূল্যের এই পুনর্ব্যবহৃত ইহরাম বর্তমানে মদিনায় পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে মক্কা, বিমানবন্দরসহ নির্দিষ্ট স্টোরেও এগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে। তাদওয়েম সম্প্রতি জেদ্দা হজ ও উমরাহ কনফারেন্সে উচ্চমানের চামড়ার ব্যাগে পুনর্ব্যবহারযোগ্য ইহরাম কাপড় প্রদর্শন করেছে।
চাকমাক বলেন, “এটি একটি সচেতন পছন্দের ব্যাপার, যেখানে আধ্যাত্মিক যাত্রাকে টেকসইতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে।”