অবৈধ ভারতীয় সিগারেট পাচারকালে আটক ৪

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট পাচারকালে চারজনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে উপজেলার পানছড়ির উগলছড়ি বেতছড়ি এলাকায় অভিযান চালিয়ে এই সিগারের জব্দ করা হয়। জব্দকৃত ৩১ কার্টুন সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
আটককৃতরা হলেন- কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতি দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫), কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মো. শামশুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে সংঘবদ্ধ চক্রটি। বৃহস্পতিবার ভোরে বেতছড়ি এলাকার সামশুদ্দিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে সিগারেটসহ চারজনকে আটক করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার উপ-পরিদর্শক জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত চার জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *