
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত ও চীন। চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের বহু স্থানের নতুন নাম প্রকাশ করেছে, যাকে তারা ‘জাংনান’ নামে দাবি করে থাকে। খবর আনাদোলু এজেন্সি।
বুধবার (১৮ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল এক বিবৃতিতে বলেন, ‘আমরা লক্ষ্য করেছি চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে অর্থহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’
বিবৃতিটি আসে এমন সময়ে, যখন চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ১৫টি পর্বত, পাঁচটি বসতি এলাকা, চারটি পাহাড়ি পথ, দুটি নদী এবং একটি হ্রদ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘জাংনান চীনের ভূখণ্ড। আমাদের সরকার এসব স্থানের নামকরণকে চীনের সার্বভৌম অধিকারের অধীন একটি প্রক্রিয়া হিসেবে দেখছে।’
চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে বলে এটি কখনোই ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃত নয়।
চীনের এই পদক্ষেপের জবাবে ভারত তার অবস্থানে অটল থেকে চীনের দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে বুধবার ভারত সরকার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং গ্লোবাল টাইমসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে সংঘাতে জড়িয়ে পড়ে, যা জম্মু-কাশ্মীর অঞ্চলের লাদাখ এলাকায় অবস্থিত। ওই বছরের জুলাইতে সংঘর্ষে কমপক্ষে ২৪ জন সেনা নিহত হয়, যার মধ্যে ২০ জন ভারতীয় ও ৪ জন চীনা ছিলেন।
তবে গত বছর থেকে দু’দেশের মধ্যে কিছুটা সম্পর্কোন্নতি পরিলক্ষিত হচ্ছে এবং উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে।