আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তাররা হলো- জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

এর মধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।
ডিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজা এবং মো. সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে আবুল কালাম আজাদ খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *