আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে আনিসুল হক মারধরের শিকার হন। আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীরা তাকে কিল ঘুষি মারতে থাকেন। চারপাশ থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখলেও চলতে থাকে মারধর। একপর্যায়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠেন আনিসুল।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান গণমাধ্যমকে জানান, সোলাইমানের ভগ্নিপতি শামীম কবিরের দায়ের করা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৫১ জনের নাম উল্লেখ রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটান এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, আনিসুল হকের নির্দেশে ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি চালানো হয়, যাতে সোলাইমান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *