আধুনিক প্রযুক্তি সুবিধায় আসছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, চলতি বছর থেকেই হজযাত্রীদের আধুনিক প্রযুক্তি ও অ্যাপ ডিভাইসের আওতায় আসছেন হজযাত্রীরা। তিনি বলেন, এবারের হজযাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের উদ্যোগে নিজস্ব একটি ডিজিটাল পোর্টাল ও অ্যাপ তৈরি করা হবে।

বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তালীমিয়া মাদরাসার জায়গা ক্রয় অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন ব্যক্তি সৌদি আরবে অবস্থানকালে তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থেকেই তার সঙ্গে যোগাযোগসহ অবস্থান জানতে পারবেন।’

হজে যাওয়ার আগেই যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে প্রি অ্যারাইভাল ভিসা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের লাগেজে অ্যাপ ডিভাইসটি সংযুক্ত করা হবে। সেখান থেকেই তারা সরকারের ডিভাইসের আওতায় যুক্ত থাকবেন। প্রয়োজনীয় চিকিৎসার যাবতীয় ব্যবস্থাসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ভোগ করবেন তারা।’

এই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের জন্য এরইমধ্যে হজ অ্যাজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সঙ্গে সরকারের বৈঠকের কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারিভাবে যারা হজে যাবেন শুধুমাত্র তারা এবং তাদের পরিবার এই ডিজিটাল অ্যাপের সেবা এবং সুবিধা ভোগ করবেন।’

এছাড়া সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এ বছর থেকেই দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেয়ার কথা জানান ড. আ ফ ম খালিদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *