
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন ইউক্রেনের মিত্ররা কিয়েভকে সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠক ভেস্তে যাওয়ার পর ম্যাক্রোঁ এই মন্তব্য করেন।
ম্যাক্রোঁ শনিবার (১ মার্চ) পর্তুগালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে রাশিয়া আক্রমণকারী আর ইউক্রেনের জনগণ আক্রমণের শিকার। ফলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে এবং দেশটিকে সহায়তা করার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা তা অব্যাহত রাখব।’
তিনি আরও বলেন, যারা ইউক্রেনকে সহায়তা করেছে আমাদের অবশ্যই তাদের সকলকে ধন্যবাদ জানাতে হবে। এছাড়া আমাদের অবশ্যই তাদের সম্মান করতে হবে, যারা শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আসছে।’
এদিকে রাশিয়ার সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য মধ্যস্থতা করছেন ট্রাম্প। তিনি ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রচেষ্টা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর ফলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে এবং আকস্মিকভাবে ট্রাম্প বৈঠক শেষ করেন।
এরপর জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করেন। ফলে বৈঠকের ফলাফল নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে যায়। এমনকি খনিজ নিয়ে একটি চুক্তির জন্য পরিকল্পিত স্বাক্ষর অনুষ্ঠানও বাতিল হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি