
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে নৃশংস হামলা ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ অনুসারী প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত তাদের আগাম জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
আদেশের পর এই আইনজীবী বলেন, ‘টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় সাদপন্থীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ মামলার আসামিদের সবাই বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তি তাদের মধ্যে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন। আজ ২৩ জনকে পুলিশি প্রতিবেদন দেওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।’
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।