ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র দাবি করেছে—এই বিস্ফোরণের কারণ ইসরায়েলি বিমান বাহিনীর একটি সামরিক অভিযান।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, “ইরানে আমাদের পক্ষ থেকে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।”

এই প্রেক্ষাপটে ইসরায়েলজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তাদের ভাষ্য অনুযায়ী, ইরান থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মুখে আগাম পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা।”

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল সত্যিই ইরানে হামলা চালিয়েছে। তবে এই অভিযানে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা দেয়নি বলেও জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “ইরানে ইসরায়েলি হামলার সঙ্গে ওয়াশিংটন কোনোভাবে জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *