ইরানে ৭ শতাধিক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। গত ১৩ জুন থেকে শুরু হওয়া উত্তেজনার পর এই ধরপাকড় শুরু হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে অধিকাংশই কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফারস ও লোরেস্তান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থে ছোট ড্রোন চালানো, ছোট বোমা তৈরি এবং সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তথ্য পাচার করার অভিযোগ আনা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, শুধু তেহরানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৩ জুন থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি ছোট ড্রোন জব্দ করেছে।

১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন অভিযান শুরু করে। এর ২৪ ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা হামলা চালায়। এই উত্তেজনার ধারাবাহিকতায় ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান ২৩ জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল উদেইদ’-এ ক্ষেপণাস্ত্র হামলা করে।

পরিস্থিতি চরমে পৌঁছালে ২৪ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল জানায়, তারা মার্কিন প্রস্তাব মেনে নিয়েছে। তেহরান জানায়, তারা আগ্রাসন থামাতে ইসরায়েলকে বাধ্য করে বিজয় অর্জন করেছে। এরপর থেকেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *