
ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতদের শতাধিক আত্মীয় সোমবার (১ জুলাই) ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ৪ বিলিয়ন ডলারের মামলা করেছে। তাদের অভিযোগ, এই তিনটি দেশ হামাসকে সমর্থন প্রদান করে।
১২৫ জনের বেশি বাদীর পক্ষ থেকে নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে ইহুদি সংগঠন ‘অ্যান্টি ডিফেমেশন লিগ’ (এডিএল)। বাদীদের অধিকাংশই মার্কিন নাগরিক অথবা তাদের সঙ্গে সম্পৃক্ত। মামলায় তিনটি দেশকে হামাসকে আর্থিক, সামরিক ও কৌশলগত সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে ইরান ও সিরিয়ার বিরুদ্ধে হামাসের হামলাকে সমর্থন এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জিম্মি করা এবং আতঙ্ক সৃষ্টির জন্য আসামীদের কাছ থেকে কমপক্ষে ৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এর মধ্যে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণমূলক ক্ষতি এবং ৩ বিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতি।
এডিএল’র প্রধান নির্বাহী জোনাথন গ্রিনব্ল্যাট বলেন, ‘ইরান হলো বিশ্বে সন্ত্রাসের শীর্ষ পৃষ্ঠপোষক। তাদের সঙ্গে রয়েছে সিরিয়া ও উত্তর কোরিয়া। হলোকাস্টের পর সবচেয়ে বড় ইহুদিবিরোধী হামলায় এসব দেশকেও তাদের ভূমিকার জন্য দায়ী করা উচিত।’ তবে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া এখনও এ মামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করা হয়েছিল। এর জেরে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।