
ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধেই সফল পাল্টা হামলা চালানো দাবি করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। তারা জানিয়েছে, শুক্রবার (২৮) তাদের চালানো এ হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। খবর আল জাজিরা ও এএফপি।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে সেখানে থাকা চার ইসরায়েলি সৈন্য নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়।
বিবৃতিতে তারা আরও জানায়, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। হামলায় যে এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়, সেটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে পড়ার পরও সেটি অবিস্ফোরিত থেকে গেলে আল-কুদসের সদস্যরা সেটি উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবারের হামলায় সেই ক্ষেপণাস্ত্রই তারা ব্যবহার করে।
ইসরায়েলি বাহিনী অবশ্য আল-কুদসের হামলায় চার সৈন্যের মৃত্যুর বিষয়টি স্বীকার করেনি। তারা জানিয়েছেন, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের এক সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।
কয়েকদিন আগেই ইসরায়েল এক গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ইসরায়েলি বাহিনীর অস্ত্র দিয়েই হামাস তাদের হামলা সাজাচ্ছে। মূলত ইসরায়েল গাজায় যে নির্বিচার হামলা চালাচ্ছে, তাতে গাজার বড় ক্ষতি হলেও শেষ পর্যন্ত কিছু অস্ত্র গোলাবারুদ অবিস্ফোরিতই থেকে যায়। হামাস, আল জিহাদসহ গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো সেইসব অবিস্ফোরিত অস্ত্র দিয়েই নিজেদের প্রয়োজনের বড় একটি অংশ মেটাচ্ছে। ইসরায়েলি সেসব অস্ত্র তাদের বিরুদ্ধে হামলাতেই ব্যবহার করছে ফিলিস্তিনি যোদ্ধারা।