ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান আজ ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি অতিথিদের জন্য সংরক্ষিত শোক ডায়েরিতে নিজের অনুভূতিও লিপিবদ্ধ করেন।
কায়েদে জমিয়ত মরহুমার জন্য মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিনি এ ইন্তেকালকে বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে অভিহিত করেন।
আলোচনাকালে কায়েদে জমিয়ত জোর দিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং তা ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। তিনি বলেন, উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সংলাপ ও সদিচ্ছার পরিবেশ জোরদার করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি, যাতে প্রজ্ঞা, দূরদর্শিতা ও নীতিনিষ্ঠার মাধ্যমে অতীতের ক্ষত নিরাময় করে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ভবিষ্যতের পথ সুগম করা যায়।
পাকিস্তান জমিয়ত প্রধানের এই বাংলাদেশ দূতাবাস সফর ও শোকসন্তপ্ত সাক্ষাৎ এ কথারই প্রতিফলন যে, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান উপমহাদেশের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, মর্যাদাপূর্ণ কূটনীতি এবং উম্মতে মুসলিমার সম্মিলিত স্বার্থ রক্ষায় সব স্তরে গঠনমূলক ভূমিকা পালনে দৃঢ় বিশ্বাসী।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান পুনরায় বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা ও শুভকামনা জানাচ্ছে এবং এ প্রত্যাশা ব্যক্ত করছে যে, পারস্পরিক সম্মান, ঐতিহাসিক সচেতনতা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশ আগামীতেও এগিয়ে যেতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *