
গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস পরিচালিত সরকারের গণমাধ্যম শাখার পরিচালক ইসমাইল আল থাওয়াবতা। খবর রয়টার্সের।
রয়টার্সকে থাওয়াবতা জানান, গাজার ঐতিহাসিক আল শাতি উদ্বাস্তু শিবিরে এক ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি গাজার আল তুফা এলাকায় আরেক হামলায় ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, কিছুক্ষণ আগে গাজা শহরে হামাসের দুটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
নিজেদের স্থাপনায় ইসরায়েলি হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। তবে এক বিবৃতিতে ইসরায়েল তাদের হামলার মধ্য দিয়ে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিলো জানিয়ে এজন্য তাদেরকে চরম মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে।
রয়টার্স কর্তৃক প্রাপ্ত ফুটেজে ধ্বংসস্তুপের ভেতর থেকে মানুষকে লাশ ও আহতদের বের করে আনতে দেখা গেছে। এসকল ফুটেজে গাজার আল শাতি উদ্বাস্তু শিবিরকে ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা যায়।
এদিকে, রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় শুক্রবার (২১ জুন) ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি ট্যাংক থেকে উদ্বাস্তুদের একটি তাঁবুতে গোলা ছোঁড়ার এ ঘটনায় আরও ৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।