এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক টি এম জোবায়েরের ট্রাস্ট ব্যাংকের পাঁচটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এসব হিসাবে ২৬ লাখ পাঁচ হাজার ৮০১ টাকা রয়েছে।

এদিন দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক মনজুর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, টি এম জোবায়েরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ রয়েছে। তার নিজ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে ২৯ লাখ পাউন্ডে লন্ডনে বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের পাঁচ হিসাবের মাধ্যমে টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদ অবৈধ অর্থ স্থানান্তর করতে পারেন। এ কারণে জোবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

গত বছরের ৬ অক্টোবর টি এম জোবায়ের এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *