কড়াইলবাসীর পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

কড়াইলবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের এলাকার সন্তান। বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্যমতো আমি কড়াইলবাসীর পক্ষে থাকবো।

তারেক রহমান বলেন,এখানকার মানুষেরা থাকার কষ্ট করেন। সেই কষ্টটি ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যেই মানুষগুলো থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো। এগুলো তাদের নামে দিতে চাই। এখানকার বসবাস করা মানুষদের কাছে এগুলো হস্তান্তর করতে চাই। যাতে করে এই ঢাকা শহরের মতো জায়গায়, এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। বাচ্চাদের জন্য শুধু স্কুলের গঠন করবো তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থা করবো।

গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে ৪০ হাজারের মতো ঘরে নিম্ন আয়ের মানুষেরা থাকেন।

কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসনসংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই।’

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে—সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাকে গড়ে তুলতে চাই। এইভাবে সাজিয়ে তুলতে চাই।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে দোয়া মাহফিলে অংশ নেন

আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

তারেক রহমান নির্বাচনের প্রসঙ্গ ধরে বলেন, ‘আমি জানি না, এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কি না, কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *