
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য।
এই কর্মসূচির কারণে শনিবার (২৮ জুন) বিকেল পর্যন্ত ভারত থেকে কোন আমদানির পণ্য বাংলাদেশে আসেনি। ভারতেও যায়নি কোন রপ্তানির পণ্য। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই শাটডাউনে দেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। বেকার হয়ে পড়বে শ্রমিক, ব্যবসায়ি সহ বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ। অবিলম্বে তাদের এই কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান তিনি।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আলী সরকার বলেন, শাটডাউনের কারণে বন্দরে ১৪৮ টি গাড়ি ক্লিয়ারেন্স এর অভাবে বের হতে পারছেনা। ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ।
বাংলাবান্ধা স্থলবন্দর স্থল শুল্ক স্টেশনের সহকারি রেভিনিউ অফিসার আবু সাঈদ বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রী পারাপার কমপ্লিট শাটডাউনেরে আওতার বাইরে। কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।