কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) দোহায় আয়োজিত আরথনা সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে কাতার সশস্ত্র বাহিনীতে বিভিন্ন সার্ভিসের ৭২৫ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে প্রেষণে পাঠানোর জন্য কাতার সরকার ও মাননীয় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজে লাগাবে।

তিনি আরও বলেন, এই অনন্য ব্যবস্থা শুধু নতুন সহযোগিতার পথই খুলে দেবে না, বরং ভবিষ্যতে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের জন্যও একটি মজবুত ভিত্তি তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *