কারবালার ঐতিহাসিক কোরআনের পাণ্ডুলিপি সংরক্ষণে উদ্যোগ

ইরাকের কারবালায় হযরত আব্বাস (রা.)-এর মাজারে সংরক্ষিত দশম শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। হযরত আব্বাস (রা.) মাজারের পাণ্ডুলিপি ও দলিল সংরক্ষণ কেন্দ্রের পাণ্ডুলিপি পুনর্নির্মাণ বিভাগের প্রধান লতিফ আবদুলজাহরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুলজাহরা জানান, ২০২৫ সালের কর্মসূচির অংশ হিসেবে এই ঐতিহাসিক পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে। ইসলামি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই পাণ্ডুলিপিটি বর্তমানে মাজারের গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান ঐতিহ্য সংরক্ষণই এই প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি আরো জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাপে ধাপে পুনর্নির্মাণ কাজটি সম্পন্ন করা হবে। প্রথমে পাণ্ডুলিপিটির জৈবিক ও রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরবর্তী ধাপে বিদ্যমান ফাটল মেরামত, প্রচ্ছদ পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য বিশেষ বাক্স তৈরি করা হবে। সব কাজ শেষে পাণ্ডুলিপিটি পুনরায় মাজারের কোষাগারে স্থান পাবে।

পুনর্নির্মাণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ বর্ণনা করে আবদুলজাহরা বলেন, বর্তমানে পাণ্ডুলিপিটির কাগজ, রঙ, অলংকরণ এবং লেখার কালির পরীক্ষা চলছে। পুনর্নির্মাণ কাজ শুরুর আগেই ক্ষতিগ্রস্ত অংশগুলোর ছবি তোলা হয়েছে এবং কোরআনের ক্রম অনুযায়ী পাতাগুলো নম্বর দেওয়া হয়েছে। এতে পুনর্নির্মাণ প্রক্রিয়া আরও সহজ হবে।

পরিবেশগত নানাবিধ কারণ এবং অনুপযুক্ত সংরক্ষণের ফলে পাণ্ডুলিপিটির ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর ফলে পাণ্ডুলিপির কিছু পাতা ছিঁড়ে গেছে এবং কিছু অংশ আলাদা হয়ে গেছে। এই ধরনের প্রাচীন কোরআন পাণ্ডুলিপি সংরক্ষণের মাধ্যমে এর ঐতিহাসিক ও ধর্মীয় মূল্য রক্ষা করা এবং ভবিষ্যতের ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করাই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *