কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি দুর্ঘটনায় অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্বল দৃষ্টিসীমা ও খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর ট্রাকটি খাদে পড়ে যায়। আহত সেনাদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন সেনা প্রাণ হারিয়েছেন। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এছাড়া, সৈন্যদের উদ্ধারে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

গত মাসে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে, যেখানে সৈন্যদের বহনকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে পাঁচ সেনা নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *