কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত অন্তত ২৬

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহেলগামে মঙ্গলবার বন্দুকধারীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মির উপত্যকায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলাটি পাহেলগামের বৈসারণ উপত্যকায় চালানো হয়। এই উপত্যকাটি এতটাই দুর্গম যে সেখানে কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। মঙ্গলবার সকালে একদল ভারতীয় পর্যটক ওই তৃণভূমিতে বেড়াতে গেলে বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এদিকে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টিআরএফ পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি ছায়া সংগঠন। তবে ভারত সরকার এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *