
গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৩০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন।
আজ রোববার (১ জুন) ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি সেনারা মাটিতে অবস্থান নেওয়া সাঁজোয়া যান এবং অস্ত্রসজ্জিত কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে মানবিক সহায়তার জন্য জড়ো হওয়া সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করে।
গত এক সপ্তাহে মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ২২০ জনেরও বেশি।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে। ফলে ২৪ লাখ অধিবাসীর জন্য খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য জরুরি সামগ্রীর প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে। মানবিক সংস্থাগুলো গাজার পরিস্থিতিকে ‘দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে’ বলে বর্ণনা করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছে ৫৪ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে, গত বছরের নভেম্বরে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়াও, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে।