গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে: সার্জেন্ট মেইর শিমন আমার (২০) এবং সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। বাকি নিহত সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে আইডিএফ জানিয়েছে।

এই হতাহতের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করছেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে আহত হন। সে সময় সেনারা কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল।

আইডিএফ আরও জানিয়েছে, হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, সেনা অভিযানের আগে ওই এলাকায় বিমান থেকে হামলা চালানো হয়েছিল।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *