
গত বছর অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর ৫০০’রও বেশি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক মারিভ। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সামরিক যানবাহনের মধ্যে কয়েক ডজন সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে এবং সেগুলোকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে।
গত ৭ই অক্টোবর হামাসের সীমান্ত অভিযানের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় দুটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এই ঘাঁটিগুলোতেই ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো মেরামত করা হচ্ছে। উল্লেখ্য, বিগত নয় মাসে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ক্ষতিগ্রস্ত যানবাহন মেরামতের জন্য স্থাপিত এই কেন্দ্রগুলোতে কর্মরত সৈন্যরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘তাদের যদি দক্ষিণ লেবানন দখলের জন্য ডাকা হয়, তারা সেখানে যাবে, কিন্তু তাদের সেরা অবস্থায় থাকবে না।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে, যা পূর্ণ যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে।
গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি অস্ত্র ব্যবহার হয়েছে বলে জানা গেছে এবং এর ব্যবহার এখনও বেশি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের অন্যান্য সদস্যরা সামরিক সরঞ্জামের মজুদের স্ট্যাটাস সম্পর্কে সাপ্তাহিক হালনাগাদ পান বলে জানা গেছে।
নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ আটকে রাখার অভিযোগ আনার পর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ দুই মিত্রের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।