গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’ আটকাল ইসরায়েল, গ্রেপ্তার ১২ মানবাধিকারকর্মী

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’-কে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। রোববার মধ্যরাতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজে থাকা ১২ জন মানবাধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। গ্রেপ্তারের বিষয়টি এক্সে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন রিমা নিজেই।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, “সেলিব্রেটিদের বহনকারী সেলফি জাহাজটিকে ইসরায়েলের উপকূলে আনা হয়েছে। ক্রুরা আমাদের হেফাজতে নিরাপদে আছেন। তাদের স্যান্ডউইচ ও পানি দেওয়া হয়েছে। নাটক খতম।”

তবে জাহাজে থাকা মানবাধিকারকর্মীরা এই ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যা দিয়েছেন। গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করেছে। আমি সুইডিশ সরকার ও বিশ্ববাসীকে আমাদের দ্রুত মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যাডলিন’ জাহাজটি গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে রওনা দেয়। জাহাজটিতে ছিল চাল, ময়দা, শিশুখাদ্য (বেবি ফর্মুলা), স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, চিকিৎসা সরঞ্জাম, ক্রাচ ও কৃত্রিম অঙ্গ।

ইসরায়েলের দাবি, এসব ত্রাণ সামগ্রী পরে ‘যথাযথ মানবিক চ্যানেলের’ মাধ্যমে গাজায় পাঠানো হবে।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানেজ এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলার উদ্যোগের প্রশংসা করে বলেন, “ম্যাডলিনের যাত্রা হয়তো শেষ, কিন্তু মিশন শেষ হয়নি। গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ভূমধ্যসাগর অঞ্চলের প্রতিটি বন্দর থেকে সেখানে ত্রাণ পাঠানো উচিত।”

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এরপর থেকে খাদ্য, ওষুধ, পানি ও চিকিৎসা সামগ্রীর চরম সংকটে রয়েছে গাজা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশের বেশি তীব্র খাদ্যসংকটে ভুগছে।

এমন প্রেক্ষাপটে অলাভজনক সংস্থা এফএফসি সরাসরি ত্রাণ পৌঁছানোর জন্য ‘ম্যাডলিন’ জাহাজ পাঠায়।

জাহাজে থাকা ১২ জন মানবাধিকারকর্মীর তালিকায় রয়েছেন— গ্রেটা থুনবার্গ (সুইডেন), রিমা হাসান (ফ্রান্স), ইয়াসেমিন আচার (জার্মানি), ব্যাপতিস্ত আন্দ্রে (ফ্রান্স), থিয়াগো আভিলা (ব্রাজিল), ওমর ফায়াদ (ফ্রান্স), পাস্কাল মৌরিয়েরাস (ফ্রান্স), ইয়ানিস মোহামদি (ফ্রান্স), সুলাইব ওর্দু (তুরস্ক), সার্জিও তোরিবিও (স্পেন), মার্কো ফন রেনেস (নেদারল্যান্ডস), রিভা ভিয়া (ফ্রান্স)।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, জাহাজটি দখলে নেওয়ার পর ইসরায়েল বাহিনী তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। একটি ছবিতে দেখা গেছে, জাহাজের যাত্রীরা হাত তুলে বসে আছেন— যা মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা আরও ঘনীভূত করছে।

সূত্র : রয়টার্স, আল জাজিরা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *