গাজার প্রতি সংহতি প্রকাশ করায় প্রখ্যাত ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী আটক!

ফ্রাঁসোয়া বুরগাট একজন প্রখ্যাত ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার বিষয়ে স্পষ্টভাষী একজন বক্তা। সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগে ফরাসি পুলিশ তাকে আটক করেছে। ৯ জুলাই, মঙ্গলবার বুরগাটের আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

আইনজীবী রফিক চেককাত তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, ইউরোপীয় ইহুদি সংস্থা বুরগাটের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, বুরগাট আরব বিশ্ব এবং ইসলামোফোবিয়ার বিষয়ে একজন বিশেষজ্ঞ।

চেককাত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে দক্ষিণের শহর অ্যাক্স-এন-প্রোভেন্সে পুলিশ তাকে আটক করেছে।’ 

অবশ্য ৭৬ বছর বয়সী এই রাষ্ট্রবিজ্ঞানীকে পরে মুক্তি দেওয়া হয়। তার গ্রেপ্তারের ঘটনাকে কলঙ্কজনক বলে অভিহিত করেছেন চেককাত।

ফরাসি পার্লামেন্টের সাবেক সদস্য মজিদ এল গুয়েরাব আনাদোলুকে বলেছেন, ‘এই অগ্রহণযোগ্য হেফাজত এবং হয়রানির বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে হবে। এই বিষয়ে সকলের কথা বলা উচিত।’  

বুরগাটকে হেফাজতে রাখার ধারণাটিকে অর্থহীন বলে অভিহিত করেছেন এসপ্রিট ম্যাগাজিনের সাবেক প্রধান সম্পাদক দার্শনিক জোয়েল রোমান।

তিনি বলেছেন, ‘আমি তার সম্পর্কে কিছুটা হলেও জানি। কোনো অবস্থাতেই ফ্রাঁসোয়া বুরগাটকে সন্ত্রাসবাদের সমর্থনে সন্দেহ করা যায় না।’ 

প্যারিসের ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ সেন্টারের গবেষণা পরিচালক ভিনসেন্ট গেইসার এই গ্রেপ্তারের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি উইচ হান্ট এর মত একটি ঘটনা। 

ফরাসি প্রজাতন্ত্রের জন্য বুরগাটের অবদানের কথা উল্লেখ করে তিনি তার সকল সহকর্মীকে তাদের ব্যক্তিগত বা সম্মিলিত সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।   

উল্লেখ্য, বুরগাট খোলাখুলিভাবে গাজার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। এই বছরের শুরুর দিকে এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের নেতাদের চেয়ে হামাসের নেতাদের প্রতি তার বেশি শ্রদ্ধা এবং প্রশংসা রয়েছে। তিনি হামাসের প্রতি ফ্রান্সের অবস্থানের সমালোচনা করেছেন এবং এটিকে মার্কিন ও ইসরায়েলি নীতির কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি