গাজার মানবিক বিপর্যয়ের দায় ইসরায়েলকে নিতে হবে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের দায় নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘের একটি সম্মেলনে তিনি উপত্যকাটিতে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন।
নিউইয়র্কে ফিলিস্তিনবিষয়ক ওই জাতিসংঘ সম্মেলনে আলবানিজ জানান, হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে এবং শিশুসহ বহু মানুষ অত্যাবশ্যকীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সত্য তুলে ধরতে গিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকসহ ত্রাণকর্মী ও সাংবাদিকরা নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘এর পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েই চলেছে। ফিলিস্তিনের কিছু অংশ সংযুক্ত করে ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার হুমকিও দেওয়া হচ্ছে।’ আলবানিজ সতর্ক করে বলেন, এই ধরনের কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্র সমাধানকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং বর্তমান পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে।

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কয়েকটি রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আলবানিজ বলেন, ‘আমাদের অবশ্যই একটি ভিন্ন পথ বেছে নিতে হবে। আমাদের এই সহিংসতার চক্র ভাঙতে হবে এবং আরও ভালো কিছু তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া মানে শুধু বিশ্বের দরবারে তাদের কণ্ঠস্বর বা ভোটের অধিকার দেওয়া নয়, বরং এটি তাদের নিজেদের একটি বাড়ির স্বপ্ন পূরণের বাস্তব আশা।

সম্প্রতি জাতিসংঘের তদন্তকারীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে সেখানে ৬৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকায় ২৪৯ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *