
আয়করদাতার পূর্ববর্তী যাবতীয় নথি হস্তান্তরের জন্য ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনজীবীর কাছে করদাতার নথি দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এতে সই করেন।
বরখাস্তের আদেশে বলা হয়, ঢাকার কর অঞ্চল-৫–এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের ৯৩ নম্বর সার্কেলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেন। এগুলো হলো পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্যান্য দলিল। এ জন্য জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি-১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।