চিঠি দিয়ে চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে কিলার গ্যাং এর প্যাডে চিঠি দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছে থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি’র ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কর্মীদের পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এবং ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। এছাড়াও একই এলাকার আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাত ও আজ শনিবার ভোরে টাঙ্গাইলের পৌর শহরের সন্তোষ এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি বিএনপির নেতা কর্মীদের পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি একটি চিঠি দিয়ে আসে। চিঠিতে আগামী ৩ তারিখের মধ্যে দাবিকৃত ৫ লাখ টাকা উল্লেখিত স্থানে না রাখলে, ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়। পরে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই চিঠিকে কেন্দ্র করে সকল ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *